মিঠাপুকুরে খুরা রোগে ১৫টি গরুর মৃত্যু

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে গরুর খুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে ১৫ দিনে মারা গেছে ১৫টির মত গরু। এর মধ্যে আমিনুর রহমানের ২টি, বকুল মিয়ার ১টি, রাজেকা বেগমের ১টি, মঞ্জুরুলের ২টি, আবু তাহেরের ১টি, আশরাফুলের ১টি, শরিফুলের ১টি, নুর হাসানের ১টি, মিজানুর রহমানের ১টি, কেরামত আলীর ১টি, বাবু মিয়ার ১টি গরু ও খোকা মিয়ার ১টি। এছাড়াও, গোটা উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ শতাধীক গরু।

তবে, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের এরকোন সঠিক পরিসংখ্যান নেই।

বালুয়া মাসিমপুর ইউনিয়নের পল্লী চিকিৎসক এরশাদুল হক বুলবুল বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে গরু খুরারোগে আক্রান্ত হয়ে পড়ছে। চিকিৎসা দেওয়ার আগেই অনেক গরু মারা যায়।

বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম খুরা রোগে আক্রান্ত হয়ে হামিদপুর গ্রামের ১৫টি গরু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের কেউ এলাকায় এসে খোঁজ খবর নেয়নি।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. এনামুল হক বলেন, বিচ্ছিন্নভাবে এক মাসে ৪/৫ টি গরু মারা যাওয়ার রেকর্ড প্রাণী সম্পদ অফিসে আছে। গরুর বাচুর এ রোগে বেশি মারা যায়।

তিনি পরামর্শ দিয়ে বলেন, এ রোগ থেকে বাঁচাতে সুস্থ্য গরুকে ভ্যাকসিন দিতে হবে। রোগটি ছোঁয়াছে রোগ। তাই, আক্রান্ত প্রাণীকে আলাদা করে চিকিৎসা দিতে হবে।

  •  
  •  
  •  
  •