আন্তর্জাতিক ডেইরি মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘তৃতীয় আন্তর্জাতিক ডেইরি, মৎস্য, পোষা প্রাণী মেলা ও সেমিনার`। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ মেলা ও সেমিনার শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। অ্যানিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) আয়োজন করে এ সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহকাব-এর মহাসচিব ডা. এম নজরুল ইসলাম। তিনি জানান, এ মেলা ও সেমিনারে দেশের ডেইরি, মৎস্য ও পোষা প্রাণী খাতের সমস্যা, প্রতিকার, কারিগরি উন্নয়নসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। যা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। সেমিনারে ৫০টি গবেষণাপত্র তুলে ধরা হবে।
তিনি বলেন, প্রদর্শনীতে দেশ-বিদেশি প্রায় দেড় শ স্টল থাকবে। যেখানে এ খাতে ব্যবহার করা বিভিন্ন পণ্য ও উপকরণ প্রদর্শন করা হবে। দেশের প্রাণিজ সেক্টরের সব উদ্যোক্তা, খামারি, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ মেলায় অংশ নিতে পারবেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ডেইরি খাতে বেশ পিছিয়ে রয়েছে। তিন দিনের মেলার সেমিনারে এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা পাওয়া যাবে। এ ছাড়া নিরাপদ খাদ্য বিষয়েও প্রচার চালানো হবে।
এবারের মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে এসিআই অ্যানিমেল হেলথ ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে রেনাটা লিমিটেড আর সিলভার স্পন্সর ইন্টার অ্যাগ্রো বিডি লিমিটেড।
এ মেলায় দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। সংবাদ সম্মেলনে ছিলেন আহকাব-এর সভাপতি এ কে এম আলমগীর, সভাপতি মো. রফিকুল হক, যুগ্ম মহাসচিব মো. শাহেদ উল্ল্যাহ।

