বসুন্ধরা সিটি শপিংমলে আগুন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে লেভেল ছয়ের একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।

রোববার দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক এ কথা জানান। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে।

দমকল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই সময় আতঙ্কিত হয়ে বিভিন্ন দোকান থেকে ক্রেতা ও বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন।

আলী আহাম্মেদ খান জানান, শপিং মলের লেভেল ছয়-এর জুতার দোকান লিবার্টি শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে আগুনের ঘটনা ঘটল জানাতে পারেননি তিনি।

আগুনের পর থেকে বসুন্ধরা সিটির ছয়, সাত ও আটতলা থেকে জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আশপাশের ভবনগুলোতেও ধোঁয়া ঢুকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে কেউ আটকে নেই।

আগুন লাগার পর বসুন্ধরা সিটির সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শপিংমলের আশপাশে হাজারো মানুষ জড়ো হয়েছেন। নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বলা হচ্ছে।

এর আগেও রাজধানীর অন‌্যতম এই শপিংমলে ২০০৯ সালের ১৩ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডে সাত জন নিহত হন।

  •  
  •  
  •  
  •  

Tags: