স্মার্ট পরিচয় পত্র পাচ্ছেন অধুনালুপ্ত ছিটমহলের ভোটাররা
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
স্মার্ট জাতীয় পরিচয় পত্র পাচ্ছেন কুড়িগ্রামের অধুনালুপ্ত ছিটমহলের ভোটাররা। প্রধান নির্বাচন কমিশনার কাজি রকিব উদ্দিন আহমেদ সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন কালিরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কর্মসূচীর উদ্বোধন করবেন।
প্রথম দিনে সদ্য ভোটার তালিকায় অন্তুর্ভুক্ত হওয়া অধুনালুপ্ত ছিটবাসীর ২১৯ জনসহ ৯৮৫জনের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে। পর্যায়ক্রমে ২৫ অক্টোবর পর্যন্ত জেলার অভ্যন্তরে বিলুপ্ত অন্যান্য ছিটমহলের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন করা হবে।
গত ৩১ জুলাই মধ্যরাত থেকে ভারত-বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল স্ব- স্ব দেশের মুল ভুখন্ডের সাথে একীভুত করা হয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা জানান, ছিটমহল বিনিময়ের পর প্রধানমন্ত্রী আমাদের উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ভোটার তালিকায় অন্তুর্ভুক্তির পর আমাদের ছিটবাসীর মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এজন্য আমরা আনন্দিত ও গর্বিত যে বাংলাদেশের অন্যন্য নাগরিকের আগেই আমরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছি।
জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন জানান, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগন সকাল ১০টায় দাসিয়ারছড়ার কালিরহাট বাজারে এ কর্মসুচীর উদ্বোধন করবেন। এ জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে প্রতিটি নাগরিক টিআইএন, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক হিসাব, চাকুরীর আবেদন, বিয়ে ও তালাক রেজিষ্ট্রেশনসহ ২২টি সেবাখাতে ১০ ডিজিটের এই স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন।

