বর্তমানে দেশের ৮০টি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমানে দেশে ৮০টি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে’।
বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা বিদ্যুতের অবস্থা খারাপ দেখি। বিদ্যুতের সমস্যা সমাধানে আমরা তখন কাজ শুরু করি। শুধু সরকারি খাতে নয়, আমরা বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দিই। যেখানে ২০০৯ সালে আমরা দেখেছিলাম মাত্র ৪৭ ভাগ মানুষ বিদ্যুৎ পায়, আজকে সেখানে প্রায় ৭৮ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে’।
প্রধানমন্ত্রী বলেন, ‘১ কোটি ১৪ লাখ সংযোগ দিতে পেরেছি। ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। কারণ আমরা চাই আমাদের দেশটার আরও উন্নতি হবে। ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট, এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে’।
তিনি অারও বলেন, ‘উন্নতির প্রথম সোপানটাই হচ্ছে এই বিদ্যুতের চাহিদা পূরণ করা, যার মধ্য দিয়ে একটা অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পায়। সেদিকে লক্ষ রেখেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমরা এ দেশের সব মানুষের ঘরে ঘরে আলো জ্বালাবো। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষে দেশের মানুষকে মিতব্যয়ী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্র ‘।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার বিজয়ীদের সেরা ১০ প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছে সেরা বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান, জ্বালানি খাতের ২টি সেরা প্রতিষ্ঠান, ১টি সেরা সরকারি বিদ্যুৎ বিতরণ ইউনিট।
এ ছাড়াও রয়েছে জ্বালানি খাতে একটি সেরা সরকারি প্রতিষ্ঠান, আন্তঃবিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক একজন সেরা গবেষক/উদ্ভাবক পুরস্কার, বিদ্যুৎ ও জ্বালানি খাত বিষয়ক প্রতিযোগিতার সেরা বক্তা, প্রিন্ট মিডিয়ার সেরা রিপোর্টার এবং ইলেকট্রনিক মিডিয়ার সেরা রিপোর্টার।

