পর্নো সাইটে প্রবেশকারীদের নাম প্রকাশ হচ্ছে না : তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক:
পর্নো সাইট বন্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকার অঙ্গীকারাবদ্ধ।’

মঙ্গলবার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এক স্টাটাসে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার সরকারি বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, ‘তারানা হালিম বলেছেন, ইন্টারনেট সেবাদানকারীদের দেশের ভেতরে পরিচালিত পর্নো সাইটগুলো বন্ধ করতে হবে। কিন্তু আন্তর্জাতিক সাইটগুলোর ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছি, যাতে ওই সব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে। তাই পরিচয় প্রকাশিত হওয়ার ভয়ে পর্নো সাইটে প্রবেশ থেকে অনেকে বিরত থাকবে।’ এ খবর প্রকাশিত হওয়ার পর প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

মঙ্গলবার প্রতিমন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘পর্নো সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোনো কথা কখনই বলিনি। এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।’

প্রতিমন্ত্রী বিষয়টি না বুঝে সামাজিক মাধ্যমে সমালোচনাকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাদের সবার মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিনগ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিকবোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?’

প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেবার অধিকারও আছে। কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।’

দেশের ভিতরে পরিচালিত পর্নো সাইট বন্ধের বিষয়ে তিনি জানান, ‘এ উদ্দেশে একটি কমিটি করা হয়েছে। তারা দেশের ভিতরের পর্নো সাইটগুলোর তালিকা দেবে (কোনো ব্যক্তির নয়)। দেশের ভিতরের পর্নো সাইটগুলো বন্ধ করতে ISP ও IIG’রা পদক্ষেপ নিবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাইনি।’

আর দেশের বাইরে থেকে পরিচালিত পর্নো সাইট সম্পর্কে তিনি জানান, ‘বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না- যদি ৭০ ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে।’

সমালোচনাকারীদের প্রতি তিনি বলেন, ‘পর্নো সাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।’

  •  
  •  
  •  
  •  

Tags: