বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদারদের বুদ্ধিজীবী হত্যার নীলনকশার শিকার জাতির সূর্য সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেসময় এক মিনিটি নীরবতা পালন করেন তারা। তখন বিউগলে বেজে উঠে করুণ সুর। শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।
এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। সে সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও তিন বাহিনী প্রধান উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও শহীদ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকার দুই মেয়র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ঢাকার বিভাগীয় কমিশনার এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধে অপেক্ষমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ এলাকা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অপেক্ষমাণ হাজারো মানুষ।

