বাবা-মায়ের পাশে সমাহিত হলেন মঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে তৃতীয় জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। জানাজায় ইমামতি করেন মাওলানা জালাল উদ্দিন।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে এমপি লিটনের লাশ গ্রামের বাড়িতে পৌঁছানোর পর এলাকার বিভিন্নস্তরের মানুষ তাকে শেষবারের জন্য দেখতে সেখানে ভিড় জমান।

এর আগে, সোমবার বেলা সোয়া ১টার দিকে এমপি লিটনের লাশ বহনকারী হেলিকপ্টারটি বামনডাঙ্গা রেল স্টেশনের পূর্ব পাশের একটি ফাঁকা জমিতে অবতরণ করে। এমপি লিটনের পরিবারের সদস্যরা সেখানে তার লাশ গ্রহণ করেন এবং অ্যাম্বুলেন্সে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।

তার আগে সকাল ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার এমপি লিটনের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সুন্দরগঞ্জের নিজ বাসায় ঢুকে এমপি লিটনকে গুলি করে দুবৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২ অক্টোবর আট বছর বয়সী স্কুলছাত্র শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আলোচনায় আসেন এমপি লিটন। স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভের বাবা এ ঘটনায় থানায় মামলা করেন। এ মামলায় বেশ ক’দিন পলাতক থেকে এক পর্যায়ে আদালতে আত্মসমর্পণ করেন লিটন। পরবর্তীতে জামিনে মুক্ত ছিলেন তিনি।

  •  
  •  
  •  
  •