এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জে ৩ দিনের শোক ঘোষণা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি হত্যার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলায় তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা আ.লীগ এ কর্মসূচী ঘোষনা দেয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া তিনদিনের শোক কর্মসূচীর মধ্যে রয়েছে আ.লীগ ও অঙ্গসংগঠনের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনির্মত রাখা, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও দোয়া-মাহফিল।
এছাড়া দুপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করবে। বিক্ষোভ শেষে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে এক প্রতিবাদ অনুষ্ঠিত হবে।
সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ কর্মসূচীর বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবিতে উপজেলা আ.লীগ তিনদিনের শোক কর্মসূচির আয়োজন করে।
প্রসঙ্গত: শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুত্বর আহত হন এমপি লিটন। পরে এমপি লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

