ইজতেমা থেকে ১৫২ মিয়ানমার নাগরিক আটক
টঙ্গী থেকে সংবাদদাতা:
টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা মিয়ানমারের ১৫২ নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দান থেকে তাদের আটক করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা থেকে ১৫২ জন নাগরিককে আটক করে পুলিশ। তবে এ সময় আরও ১৩ জন পালিয়ে যায়। পরে তাদের জেলা পুলিশের জিম্মায় দেওয়া হয়।
এসপি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা অবৈধভাবে মাস খানেক আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। এখান থেকে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
শুক্রবার থেকে শুরু হয়েছে ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

