আগামীকাল সোমবার রাষ্ট্রপতিকে নাম দেবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিনিধি:
নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির সদস্যরা আগামীকাল সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই দিনই ইসি গঠনে নাম সুপারিশ করার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে তুলে দেবে সার্চ কমিটি।

রোববার বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, ইসি গঠনে সার্চ কমিটির সদস্যরা আগামীকাল সোমবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

জানা গেছে, সার্চ কমিটির সদস্যরা আগামীকাল সোমবার এক বৈঠক করে সুপারিশ করার জন্য লোকজনের নাম চূড়ান্ত করবেন। এরপরই সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। ওই সময় রাষ্ট্রপতিকে সুপারিশ করা লোকজনের নাম ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেবেন।

এদিকে, আগামী মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনাররা।

নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে ইসি গঠনের জন্য সুপারিশ করা লোকজনের নাম দিতে হবে।

উল্লেখ্য, বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

কিন্তু এর আগেই অনুসন্ধান করে ১০ জনের একটি তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করতে বলা হয়েছে সার্চ কমিটিকে। এর মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ দেবেন রাষ্ট্র্রপতি।

  •  
  •  
  •  
  •  

Tags: