সার্চ কমিটির চূড়ান্ত বৈঠক শুরু

নিজস্ব প্রতিনিধি:
নতুন নির্বাচন কমিশনারদের নামের তালিকা চূড়ান্ত করতে শেষ বৈঠকে বসেছেন সার্চ কমিটির সদস্যরা। বৈঠকে চূড়ান্ত করা অন্তত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নাম চূড়ান্ত করবেন।

সোমবার বিকেল ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সার্চ কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

সে সময় রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা নামের সঙ্গে ১৬ বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময়ের সারসংক্ষেপ তুলে দেবে কমিটি।

২৫ জানুয়ারি সার্চ কমিটি গঠনের পর পাঁচটি বৈঠক হয়েছে। এর মধ্যে দুই দিন বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করা হয়। পরের দুটি বৈঠকে রাজনৈতিক দল থেকে নাম পাওয়ার পর যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করা হয়।

বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে নারীসহ ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •