ব্রিগেডিয়ার নাসিরই থাকছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পরিচালক পদে বহাল থাকছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদই। হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবিরকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করায় তিনিই থাকছেন এ পদে।
জানা যায়, পরিচালক হিসেবে মমেক হাসপাতালে যোগ দেওয়ার পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এখানে রোগীদের বিনামূল্যে শতভাগ ওষুধ প্রদান, খাবারের মানোন্নয়নসহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নেন।
যা বেশ ভালোভাবে নিয়েছেন রোগী-স্বজনসহ ময়মনসিংহের সাধারণ মানুষও। সম্প্রতি তাকে অন্যত্র বদলি করা হয়। তার স্থলে নতুন দায়িত্ব পান ব্রিগেডিয়ার জেনারেল পারভেজ কবির।
আর ব্রিগেডিয়ার নাসিরের বদলির খবরে স্থানীয়ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পর্যন্ত করেন সাধারণ নাগরিকরা।
স্থানীয় লোকজনের দাবির প্রেক্ষিতে এক পর্যায়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল নাসিরের বদলি প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি দেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ।
এরপরই বুধবার (১৬ আগস্ট) নতুন পরিচালকের বদলি প্রত্যাহার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

