ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬ শিক্ষার্থীসহ আটক ৮
নিউজ ডেস্কঃ
ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন ছাত্রসহ ৮ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০ নভেম্বর সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিআইডির মালিবাগের প্রধান কার্যালয়ে ফোন করলে নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিআইডির সিনিয়র এএসপি মহিবুল ইসলামকে ফোন করলে তিনি জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।
গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ইংরেজি অংশটি ফাঁস হওয়ার অভিযোগে ১৫ জনকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ এই ৮ জনকে আটক করে।

