ময়মনসিংহ হবে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের নগর

নিউজ ডেস্ক:

বাংলাদেশে ডিজিটাল সেবা নিশ্চিতকল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দেশের সমস্ত শহরে পাঁচ বছরের মধ্য আন্ডারগ্রাউন্ড ক্যাবল নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য সব গাছের গলা কেঁটে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নিতে হবে। এই আইডিয়া প্রকৌশলীদের দেওয়া উচিত, কিন্তু দুঃখজনক তাদের থেকে এই প্লান আসেনি। কেনো রাজনীতিবিদদের থেকে আসতে হবে। এই প্রকল্পের আলোচনার পর তিন বছর কেটে গেলো, এটা দুঃখজনক।

কনসালটেন্ট নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও অস্ট্রেলিয়ান কোম্পানি কেআইএস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর করা হয়।

কোম্পানিটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ শহরে বিতরণ ক্যাবল আন্ডারগ্রাউন্ডে নেওয়ার সম্ভাব্যতা যাচাই, প্রাক্কলন তৈরি ও ডিপিআর প্রস্তুতে পরামর্শ প্রদান করবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৩০ লাখ টাকা। এতে এক বছর সময় বেধে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, টেকনোলজির ব্যাপারে কেনো জানি আমাদের আগ্রহ কম। এক মিনিটের জন্যও বিদ্যুৎ যাতে না যায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার চায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে। মনে রাখবেন, আপনাদের রাখাই হয়েছে সরকারের ইচ্ছা পূরণ করার জন্য।

তিনি বলেন, ময়মনসিংহসহ সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম আন্ডারগ্রাউন্ড ক্যাবলের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে সারা দেশে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড স্থাপন করা হবে। অনেকে মনে করেন এতে খরচ বেশি। কিন্তু, এটার সুফল সম্পর্কে তারা এটা ভাবেন না।

  •  
  •  
  •  
  •  

Tags: