জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে বিরত রাখা সম্ভব হয়নি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘মানুষ বোধসম্পন্ন হলে বোঝানো সম্ভব, বোধহারা হলে কিছুই করার নেই। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে বিরত রাখা সম্ভব হয়নি। মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় মানুষের অংশগ্রহণ সীমিত রাখার চেষ্টা করা হয়েছিল। এমনকি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কাজ হয়নি।’

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় বিপুল জনসমাগমের ঘটনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো দোষ ছিল না বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

তিনি বলেন, ‘ডিসি বা এসপি অফিসে কতটুকুই আর জনবল থাকে। জানাজায় শরিক হওয়া মানুষের তুলনায় এই জনবল কিছুই না। করোনা পরিস্থিতি নিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে তাদের। মানুষ গুরুত্ব দেয়নি। জানাজার মতো ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে শক্তি প্রয়োগ করা যায় না। করলে হিতে বিপরীত হতে পারে বলে প্রশাসন শক্তি প্রয়োগ করেনি।’

জনসমাগম এড়িয়ে সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে যখন সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে, তখন জানাজায় বিপুল লোকসমাগমের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। দেশ-বিদেশের গণমাধ্যমে এ ঘটনার খবর প্রকাশ ও প্রচারিত হয়েছে। মাঠ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন মানুষ।

  •  
  •  
  •  
  •  

Tags: