বিপদ সীমার ওপরে যমুনার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

নিউজ ডেস্কঃ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে চরাঞ্চলের নিম্নভূমি।

রোববার (২৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, সকালে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪১ মিটার। গত ২৪ ঘণ্টায় ৩৫ সেন্টিমিটার ও ১২ ঘণ্টায় ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পানি আরও কয়েকদিন বাড়তে পারে।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হচ্ছে। ফসলি জমি ছাড়াও নিচু বাড়িগুলো বানের পানিতে নিমজ্জিত হচ্ছে।

সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম ভুঁইয়া ও মেছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, চরের নিচু এলাকায় বানের পানি ঢুকে পড়েছে। এসব গ্রামের অনেকেই পানিবন্দি হয়ে পড়ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: