বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
জেলার সাদুল্যাপুর উপজেলায় ছোট ভাই মো. নবাব আলীকে (৪৫) কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই আবদুল মতিনের বিরুদ্ধে।

বিরোধপূর্ণ জমির ধান কাটতে বাধা দেওয়ার জের ধরে সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের বুধবার সকাল ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত নবাব আলী ওই গ্রামের মৃত কলম উদ্দিনের ছেলে।

এদিকে, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আবদুল মতিন (৬৫), তার স্ত্রী বেবী বেগম (৫০), মেয়ে মোজমা বেগম (৩২), মাজেদা বেগম (৩৮), নাজমা বেগম (২৫) ও মেয়ে জামাই সাদেকুলসহ (৩০) ৬ জনকে আটক করেছেন। আটকরা বর্তমানে সাদুল্যাপুর থানা হাজতে রয়েছেন।

স্থানীয়রা জানান, নবাব আলীর সঙ্গে তার বড় ভাই আবদুল মতিন মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আবদুল মতিন তার ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায়। খবর পেয়ে নবাব আলী তাদের বাধা দেয়। এসময় নবাব আলীর সঙ্গে বড় ভাই আবদুল মতিনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আবদুল মতিন উত্তেজিত হয়ে লাঠি দিয়ে নবাব আলীকে এলোপাথারী কোপাতে থাকেন এবং ঘাড় ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দেন। এতে নবাব আলী সজ্ঞাহীন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ রুবেল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নবাব আলীর দুই হাতের আঙ্গুল ও হাটুর নিচে গুরুত্বর জখমের চিহৃ রয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় নবাব আলীর বড় ভাই আবদুল মতিনসহ ৬ জনকে আটক করা হয়েছে। নিহত নবাব আলীর পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

  •  
  •  
  •  
  •