দৌলতদিয়া ঘাটে চাপ বেড়েছে কোরবানির পশুবাহী ট্রাকের

নিউজ ডেস্কঃ

তীব্র স্রোতের কারণে গতকালও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি পারাপার ব্যাহত হয়। সকাল থেকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাকের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।

জানা গেছে, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে ঢাকাসহ সারা দেশে পশু পরিবহন শুরু হয়েছে। এসব পশুবাহী ট্রাকগুলো নদী পাড়ি দিতে দেশের ব্যস্ততম দৌলতদিয়া ঘাটে আসতে শুরু করেছে। গতকাল বিকাল নাগাদ উল্লেখযোগ্য সংখ্যক কোরবানির পশু বোঝাই ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুট দিয়ে নদী পারাপার হয়েছে।

এদিকে তীব্র স্রোতের কারণে কয়েক দিন ধরে মারাত্মকভাবে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল সকাল থেকে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী কোরবানির পশুবাহী ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে আলাদা একটি লেন দিয়ে ফেরিঘাটে আসতে সহযোগিতা করছে কর্তৃপক্ষ। অন্যদিকে অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলোকে ঘাটে আটকে থাকতে হচ্ছে দু-তিনদিন পর্যন্ত। বিকাল পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় আটকে ছিল তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এ নৌ রুটে বর্তমানে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে গতকাল সন্ধ্যা নাগাদ রুটের ফেরিবহরে নতুন একটি ফেরি যুক্ত হবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, ‘পদ্মায় প্রবল স্রোতের কারণে ফেরিগুলো ঘাটে আসতে সময় লাগছে দ্বিগুণ। যে কারণে ঘাট এলাকায় যানবাহনের সারি তৈরি হচ্ছে।

  •  
  •  
  •  
  •  

Tags: