তিন লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফে
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপির আওতাধীন জাদিমোড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে।
এমন খবরে দমদমিয়া বিওপি’র বিশেষ টহলদল রাতে কয়েকজন ইয়াবা পাচারকারীকে মিয়ানমারের লালদ্বীপ থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে এগিয়ে যায়। টহলদলের উপস্থিতি টের পেয়ে ৫টি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলদল সেখানে পৌঁছে ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে তিন লাখ নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি।

