রাজশাহীতে এক কোটি টাকার নকল সিগারেট জব্দ
নিউজ ডেস্কঃ
রাজশাহীতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদামে পৌনে এক কোটি টাকার নকল সিগারেট পেয়েছে পুলিশ। রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।
এ সময় গোল্ড লিফ, স্টার, হলিউড ও পাইলট ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ সিগারেটের খালি প্যাকেটও জব্দ করা হয়। কুষ্টিয়ার বড়বাজার থেকে আসা এই সিগারেটের গন্তব্য ছিল রাজশাহীর গোদাগাড়ী।
রাতেই কুষ্টিয়ার ‘বিশ্বাস টোব্যাকো’ নামের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক এবং এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের গুদাম ব্যবস্থাপকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আটক গাড়িচালকের নাম নবাব আলী (৩০)। তিনি রাজশাহী নগরীর মেহেরচণ্ডি এলাকার ওহাব মোল্লার ছেলে।
নবাব পুলিশকে জানান, তিনি মাস দুয়েক আগে বিশ্বাস টোব্যাকোতে কাভার্ডভ্যান চালক হিসেবে যুক্ত হন। ইতোমধ্যে এ ধরনের সিগারেটের চালান রাজশাহীতে দুটি এনেছেন তিনি। এই চালানটি রাজশাহীর গোদাগাড়ী যাওয়ার কথা ছিল।
হঠাৎ তাকে ফোন করে এসএ পরিবহনের গুদামে সিগারেটগুলো নামিয়ে দিতে বলা হয়। এখানে আসার কিছুক্ষণ পরই পুলিশ তাকে আটক করে।
নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন বিশেষ এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, তারা প্রায় ৭৫ লাখ ৬০ হাজার টাকার সিগারেট জব্দ করেছেন। এগুলো সবই নকল। এসব সিগারেটে সরকারকে রাজস্বও ফাঁকি দেয়া হয়েছে। সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করা হয়েছিল।
আটকদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

