গাইবান্ধায় এসিড নিক্ষেপ মামলায় যুবকের যাবজ্জীবন
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সদর উপজেলায় রাধা রাণী নামে এক তরুণীকে এসিড নিক্ষেপের দায়ে আবদুল খালেক (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া একই সঙ্গে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাভোগ করতে হবে।
জেলা ও দায়রা জজ এসিড অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক রাশেদা সুলতানা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় দেন। দন্ডিত আবদুল খালেকের বাড়ি সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের মৃত চন্ডিচরন মোদকের মেয়ে রাধা রাণীকে (১৭) একই গ্রামের আবদুল খালেক প্রেম নিবেদন করে। এতে রাধা রাণী তার প্রস্তাবে অস্বীকৃতি জানায়। পরে ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে রাধা রাণী ও তার বোন বিউটি রাণী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। এসময় আবদুল খালেক সু-কৌশলে ঘরের দরজা খুলে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে রাধা রাণীর মুখ, বুক ও পিঠের অংশ এবং তার বোন বিউটি রাণীর ঘাড় ও পিঠের অংশ ঝলসে যায়।
বর্তমানে দন্ডিত আসামি আবদুল খালেক গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।

