তারেক রহমানের স্ত্রীর তত্ত্বাবধানেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা

zobaida

নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা।

খালেদা জিয়ার করোনা চিকিৎসায় বিএনপি গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। সেগুলোর রিপোর্ট পেলে সর্বশেষ অবস্থা জানা যাবে এবং সে মোতাবেক চিকিৎসা দেওয়া যাবে।

রমজানের প্রথম দিন কোরআন তেলওয়াত আর ইবাদত-বন্দিগী করে সময় কাটিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বোন সেলিমা ইসলামের বরাত দিয়ে বুধবার (১৪ এপ্রিল) রাতে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা স্থিতিশীল, ভালো ইম্প্রুভ করছে। আপনারা উনার জন্য দোয়া করবেন।’

খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার ছেলের বউ ডা. জোবাইদা রহমান। বিষয়টি জানিয়েছেন ডা. আল মামুন। গতকাল তিনি বলেন, ‘তিনি (ডা. জোবাইদা) দেশে ও বিদেশে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন। আসলে মেডিকেল টিম ওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।’

উল্লেখ্য নমুনা পরীক্ষার ফলাফলে রোববার খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে।

চিকিৎসক টিমের সদস্যরা জুমে বৈঠক করে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও থাকেন। তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

  •  
  •  
  •  
  •