করোনা আক্রান্ত শতাধিক এমপি, মৃত্যু ৪ জনের
নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে শতাধিক সংসদ সদস্য (এমপি)। এ ছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন এমপি।
করোনায় আক্রান্ত হয়ে একমাসের মতো মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১৪ এপ্রিল) চলে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত মাসে মারা যান সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী। এর আগে গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা যান সিরাজগঞ্জ-১ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম। ওই সময় মারা গেছেন টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মুহম্মদ আবদুল্লাহ।
এদিকে গত একবছরে শতাধিক সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিয়িত এমপিদের নতুন করে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১১০ জনের মতো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। চলমান দ্বিতীয় ঢেউয়ের সময় আক্রান্ত হয়েছেন অন্তত ৩৪ জন সংসদ সদস্য।
উল্লেখ্য বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা ৬ লাখ পেরিয়ে যায় গত ১ এপ্রিল।
করোনাভাইরাস প্রতিরোধে দেশে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ দেয়া শুরু হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ৮ এপ্রিল সারাদেশে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

