দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল উদ্বোধন আজ

corona

নিউজ ডেস্কঃ করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় বেড ও আইসিইউ সুবিধা নিয়ে দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল চালু হতে যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাসপাতালটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানিয়েছে, ডিএনসিসি কাঁচাবাজারের এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ফাঁকা ভবনে এই হাসপাতাল কার্যক্রম চালু করা হচ্ছে। এতোদিন মার্কেটটিতে করোনার আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে ব্যবহৃত হতো। এখন করোনা হাসপাতালের কার্যক্রম শুরু হলেও পৃথকভাবে ওই সেবা কার্যক্রম চলবে।

এক হাজার শয্যার এই হাসপাতালে ১০০ শয্যার আইসিইউ এবং ১১২টি এইসডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া এখানে রোগীদের জন্য সেন্টার অক্সিজেনের ব্যবস্থা থাকছে। হাসপাতালটি পরিচালনা করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২২ মার্চ করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারি আরও পাঁচটি হাসপাতালকে পুনরায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নির্দেশে বলা হয়, দেশে ক্রমাগত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য রাজধানীর মিরপুরের লালকুঠি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার ও সরকারি কর্মচারী হাসপাতালকে সার্বিকভাবে প্রস্তুত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  •  
  •  
  •  
  •