তরুণীর লাশ উদ্ধার, বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে বিলাশবহুল একটা ফ্ল্যাট থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই তরুণীর নাম মোসারাত জাহান মুনিয়া (২১)। এই ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে আসামি করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যায় থানায় একটি ফোন আসে। তারপর ঘটনাস্থলে গিয়ে বাসার তিন তলার একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। ওই তরুণীর নাম মোসারাত জাহান মুনিয়া (২১)।
পরে সোমবার রাত দেড়টার দিকে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। মুনিয়া কুমিল্লা শহরের বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মেয়ে। তার পরিবার কুমিল্লায় থাকলেও মুনিয়া একাই ওই ফ্ল্যাটে থাকতেন।
সুদীপ কুমার আরও জানান, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে মোসারাত জাহান মুনিয়ার পরিচয় ছিল। মুনিয়ার ফ্ল্যাটে তার যাতায়াতের বিষয়েও তথ্য পাওয়া গেছে।
মুনিয়ার বড় বোনের অভিযোগ, ভিকটিমের সঙ্গে ওই শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দুই বছরেরও বেশি সময় ধরে পরিচয় এবং সম্পর্ক ছিল। একপর্যায়ে তাদের মধ্যে মনমালিন্য ঘটে। পরবর্তীতে মুনিয়া কুমিল্লা চলে যান। পরে কুমিল্লা থেকে পুনরায় ঢাকায় আসেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মুনিয়া তার বোনকে ফোন করে জানান, তার জীবনে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে।
সুদীপ আরও জানান, যদি সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায় যে, অভিযুক্ত দোষী, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধিতে যে ব্যবস্থা সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে বলেও জানান তিনি।

