করোনা আক্রান্ত খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

zia

নিউজ ডেস্কঃ করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে তাকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, করোনার জন্য নয় শারীরিক অন্যান্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম জিয়া। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে তার।

এর আগে রাত ১০টায় হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

গত ১১ এপ্রিল বেগম খালেদা জিয়া করোনা পজিটিভ হন। করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিন পর গত শনিবার দুপুরে নমুনা নেওয়া হয় বেগম জিয়ার। দ্বিতীয় টেস্টের ওই রিপোর্টেও তার করোনা পজিটিভ আসে।

উল্লেখ্য দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুইবছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারসনকে। সেই সাজা স্থগিতাদেশের মেয়াদ সর্বমোট তিনদফা বাড়ানো হয় সরকারের নির্বাহী আদেশে।

  •  
  •  
  •  
  •