ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাই: শেখ হাসিনা
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে যে ঘটনা ঘটেছে, তা সত্যিই অমানবিক। সেখানকার ছোট্ট শিশুদের কান্না, তাদের অসহায়ত্ব, মাতৃ-পিতৃহারা হয়ে ঘুরে বেড়ানো সহ্য করা যায় না। ইসরাইলের এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাই।
বুধবার (২ জুন) জাতীয় সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হক আসলামের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতি ক্রমে শোক প্রস্তাব সংসদ গ্রহণ করা হয়।
সম্প্রতি ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহত ফিলিস্তিনের নাগরিকদের জন্যও সংসদে শোক প্রকাশ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘ইসরায়েল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড হয়েছে। তারা এর আগেও হত্যাযজ্ঞ চালিয়েছে। ছোট শিশুরা আহত হচ্ছে। তাদের ওপর জুলুম, তারা অত্যাচারিত, মা-বাবাহারা সত্যি দুঃখজনক। যাদের দেখি মানবতার এত কথা বলেন, কিন্তু এই সময় চুপ থাকে। আন্তর্জাতিক বহু সংস্থা এখন আর কথা বলে না। সেটাই আমার প্রশ্ন।’
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে শেখ হাসিনা বলেন, ‘ফিলিস্তিনের ভাইদের সঙ্গে আমরা সব সময় আছি। অতীতেও তাদের জন্য সাধ্যমতো সব রকম সহযোগিতা করেছি। এখনও করে যাচ্ছি। এই সহযোগিতা আমরা অবশ্যই করে যাবো। ইসরাইলের এই ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা জানাই।’
উল্লেখ্য কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে বুধবার শুরু হয়েছে জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন। বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। মহামারির কারণে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (০৩ জুন) বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন। আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

