বাংলাদেশকে টিকা দিতে পারবে না ভারত
নিউজ ডেস্কঃ ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে বাংলাদেশসহ অন্যান্য দেশে আর টিকা রপ্তানি করবে না ভারত। বাংলাদেশের প্রায় ১৫ লক্ষ মানুষ ভারতের থেকে পাওয়া প্রথম ডোজের টিকা নিয়ে পরবর্তী ডোজ়ের জন্য অপেক্ষায় আছে। দ্বিতীয় ডোজ়েরও সময় পেরিয়ে গিয়েছে আড়াই-তিন মাস। আজ নয়াদিল্লি থেকে স্পষ্ট জানানো হয়েছে,আপাতত যা পরিস্থিতি তাতে কোনও ভাবেই অন্য কোনও রাষ্ট্রকে কোভিডের প্রতিষেধক পাঠাতে পারবে না ভারত। বরং তারা এখন আমদানির জন্যই ঝাঁপিয়েছে।
সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা জানেন যে, প্রতিষেধক এবং অন্যান্য সরঞ্জাম বাইরের দেশগুলিতে রফতানির ক্ষেত্রে ভারতই সবার আগে ছিল। কিন্তু আমরা এখন বাইরে থেকে সরবরাহ (প্রতিষেধক) আমদানিকেই নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ করছি। সেই প্রেক্ষাপটে প্রতিষেধক রফতানির করার প্রশ্ন ওঠাটাই ঠিক নয়। আমরা এখন ঘরোয়া প্রতিষেধক তৈরির কর্মসূচিকেই মূল লক্ষ্যবস্তু করেছি।”
ভারতের আশ্বাসে অন্য কোনো দেশ থেকে টিকা আমদানি করেনি বাংলাদেশ। তৎকালীন সময়ে চীনের কাছ থেকেও টিকা আমদানি নাকচ করা হয়। তবে এখন ভারতের এমন মতবদলে সেই চীন থেকেই টিকা আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। যাঁরা ভারতের কাছ থেকে প্রথম ডোজ় টিকা নিয়ে বসে রয়েছেন তাঁদের এখন প্রোটোকল কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিদেশসচিব এবং বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বেশ কিছু দিন আগেই ঘরোয়া ভাবে ঢাকাকে সতর্ক করেছিলেন। জানিয়েছিলেন, বাংলাদেশ যেন তাদের নাগরিকদের জন্য প্রতিষেধকের বিকল্প ব্যবস্থা করতে শুরু করে। কারণ, অন্য দেশকে দেওয়ার মতো বাড়তি টিকা ভারতের হাতে নেই।

