এক নজরে বাজেট,প্রত্যাশা ও প্রাপ্তি
মোয়াশ্বির ইউশাঃ জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তিনি এ বাজেট উপস্থাপন শুরু করেন।
দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।
একনজরে ২০২১-২২ অর্থবছরের বাজেট:
জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কৃষি খাতে সর্বাধিক গুরুত্ব দিয়ে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কাজের শ্রেণিবিন্যাস অনুযায়ী সামগ্রিক ব্যয় কাঠামো (উন্নয়ন ও পরিচালন ব্যয়) তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।
একনজরে কোন খাতে কত বরাদ্দ
সামাজিক অবকাঠামো: ১ লাখ ৭০ হাজার ৫১০ কোটি টাকা।
মানবসম্পদ: ১ লাখ ৫৫ হাজার ৮৪৭ কোটি টাকা।
সামাজিক নিরাপত্তা: ১ লাখ ৭ হাজার ৬১৪ কোটি টাকা।
কৃষি ও পল্লী উন্নয়ন: ৭৪ হাজার ১০২ কোটি টাকা।
যোগাযোগ ও অবকাঠামো: ৬৯ হাজার ৪৭৪ কোটি টাকা।
বিদ্যুৎ ও জ্বালানি: ২৭ হাজার ৪৮৪ কোটি টাকা।
করোনা মোকাবেলা: ১০ হাজার কোটি টাকা।
স্বাস্থ্যখাত: ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।
স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি গবেষণা: ১০০ কোটি টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা: ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।
মাধমিক ও উচ্চ শিক্ষা: ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা: ৯ হাজার ১৫৪ কোটি টাকা।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪১ হাজার ১০ কোটি টাকা।
কৃষি: ২৪ হাজার ৯৪৮ কোটি টাকা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়: ৪ হাজার ১৯১ কোটি টাকা।
তৈরি পোশাক খাত: ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা।
এছাড়া পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা।
এবারের বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। এই ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হবে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার বাড়ানো হয়েছে। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে।
দাম বাড়ছে যেসব পন্যের:
মুঠোফোন
বাজেটে মুঠোফোন (ফিচার ফোন) আমদানিতে আমদানি শুল্ক ১০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে বিদেশি মুঠোফোনের দাম আরও বাড়তে পারে।
বিদেশি মাংস
মাংস আমদানিতে শুল্কহার বাড়ানো হয়েছে। বসানো হয়েছে ১৫ শতাংশ হারে ভ্যাট। আবার ন্যূনতম শুল্কায়ন মূল্যের প্রস্তাব করা হয়েছে। এতে বিদেশি মাংসের দাম বাড়বে। দেশীয় খামারিদের সুরক্ষা দিতে কাজটি করেছে সরকার।
মাশরুম
বিদেশি মাশরুমের দাম অনেকটাই বাড়তে পারে। এই মাশরুম আমদানিতে আমদানি শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি মাশরুম আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য আরোপের কথা বলা হয়েছে।
বিদেশি গাজর-টমেটো
চাষিদের সুরক্ষা দিতে গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, টমেটো ও কমলা আমদানিতে ন্যূনতম শুল্কায়ন মূল্য আরোপের কথা বলা হয়েছে। এতে এসব পণ্য আমদানিতে কম দাম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়া যাবে না। দাম বাড়তে পারে। গাজরের ওপর ভ্যাটও আরোপ করা হয়েছে।
শিল্প লবণ
শিল্প লবণের ওপর কর বাড়ানো হয়েছে। এত দিন শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানি হতো। এখন দুই লবণের করহারের সমন্বয় করা হয়েছে।
বিদেশি সাবান
সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। এতে দাম বাড়তে পারে।
চুইং গাম
এর ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়েছে। ফলে দাম বাড়বে।
২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের করহার কমানো হয়েছে। এতে এসব পণ্যের দাম কমতে পারে। উল্লেখ্য, বাজেটে শুল্ক-করের প্রস্তাব ঘোষণার পরই কার্যকর হয়।
দাম কমছে যেসব পন্যের:
স্যানিটারি ন্যাপকিন
দাম কমতে পারে স্যানিটারি ন্যাপকিনের। কারণ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচামাল আমদানিতে ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।
করোনার কিট
সুরক্ষা সামগ্রীতে শুল্ক অব্যাহতি সুবিধা আগেই ছিল। এবার করোনা শনাক্তের আরটি-পিসিআর কিট তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
শৌচাগারের প্যান
গ্রামের মানুষের স্যানিটেশন সুবিধা বাড়াতে দেশে উৎপাদিত লং প্যানের সম্পূরক শুল্ক তুলে নেওয়া হয়েছে। এতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল।
অটিজম সেবা
এ সেবার ওপর ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতি এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
ইস্পাত
ইস্পাতের ওপর সুনির্দিষ্ট শুল্ক টনপ্রতি ১ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।
মুরগি/মাছের খাবার
উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে। এতে মুরগি, মাছ ও গবাদিপশুর খাবারের দাম কমানোর সুযোগ তৈরি হবে।
ক্যানসারের ওষুধ
ক্যানসারের ওষুধ উৎপাদনের কাঁচামালে আবার শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে ক্যানসারের ওষুধ উৎপাদনে ব্যয় কমবে। এ ছাড়া ওষুধ শিল্পের আরও কিছু কাঁচামালে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
মেডিকেল ডিভাইস
বেশ কিছু মেডিকেল যন্ত্রাংশ উৎপাদনে উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।
দেশি এলপিজি সিলিন্ডার
দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হয়েছে।
দেশি খেলনা
দেশে খেলনা উৎপাদনে উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দিয়েছে সরকার।
ডায়ালাইসিসের টিউব
ডায়ালাইসিস সেবায় ব্যবহার করা ব্লাড টিউবিং সেটের কর কমানো হয়েছে।

