প্রথমবার সার্বিয়া গেল বাংলাদেশি শ্রমিক
নিউজ ডেস্কঃ প্রথমবারের মত সার্বিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানো হল। শনিবার (১২ জুন) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় ৯ জন শ্রমিক পাঠানো হয়।
বিদেশে গিয়ে ভালো উপার্জন করতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর।
করোনাকালে একে একে যখন সংকুচিত হয়ে আসছে আন্তর্জাতিক শ্রমবাজার তখন আশার আলো দেখাল ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশ থেকে দুই শতাধিক দক্ষ শ্রমিক চেয়েছে দেশটি। এর মধ্যে শনিবার ভোরে প্রথম দফায় ৯ জন ঢাকা ছেড়েছেন। কিছুদিনের মধ্যে পাঠানো হবে আরও ২৩ জনকে।
দেশ ছেড়ে হাজার মাইল দূরের গন্তব্যে উড়াল দেওয়ার আগে দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউরোপগামীরা। পরিবার-পরিজনকে উন্নত জীবন দেওয়ার পাশাপাশি বিদেশে উজ্জ্বল করতে চান বাংলাদেশের নাম।
তারা বলেন,পরিবার-পরিজন ছেড়ে বিদেশ যেতে তো খারাপ লাগবেই। তবে ভালো বেতন পাব, তাদের মুখে হাসি ফোটাতে পারব। দুই বছর পর ফিরে আসতে পারব। ভালো কাজ করলে দেশের সুনাম বয়ে আনতে পারব।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বলছে, স্বল্প খরচেই পাঠানো হচ্ছে শ্রমিকদের। সার্বিয়ার চাহিদা থাকা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে বলে জানায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।

