এবার প্রতি সিগারেটের দাম ২০ টাকা করার সুপারিশ
নিউজ ডেস্কঃ তরুণ সমাজকে সিগারেট খেতে নিরুৎসাহিত করতে ও মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিটি সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করার দাবি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশ্ব মাদকমুক্ত দিবস উপলক্ষে মাদক প্রতিরোধে জনসচেতনতার অপরিহার্যতা শীর্ষক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাদকাসক্তি শুরু হয় ধূমপান দিয়ে। মাদকাসক্তি বন্ধ করতে চাই তাহলে সরকারকে প্রথম উদ্যোগ নিতে হবে ধূমপানবিরোধী আন্দোলনের। সেখানে যেমন একটা বিড়ির দাম ন্যূনতম পাঁচ টাকা করতে হবে। একটা সিগারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে।
তিনি বলেন, ‘স্কুল-কলেজের মাস্টাররা লুকিয়ে লুকিয়ে ধূমপান করবেন। আর তাদের ছাত্ররা ধূমপান করবেন না, এটা আশা করা যায় না। যদি মাদকাসক্তি বন্ধ করতে চাই তাহলে সরকারকে পয়লা উদ্যোগ নিতে হবে ধূমপানবিরোধী আন্দোলনের।’
ডা. জাফরুল্লাহ বলেন, ‘রাস্তায় এত এক্সিডেন্ট তার একটা মূল কারণ এনার্জি ড্রিংকস। এনার্জি ড্রিংকসে অ্যালকোহলের পরিমাণ থাকে অনেক বেশি। কিন্তু বিয়ারে থাকে মাত্র ২-৩% অ্যালকোহল। আর এনার্জি ড্রিংকসে থাকে ২০-২২% অ্যালকোহল। কাজেই তারা সহজে মাতাল হয়। টেক্সি ড্রাইভাররা, ট্রাক ড্রাইভাররা এনার্জি ড্রিংকস খেয়ে গাড়ি নিয়ে রওনা হয়। এ কারণে বাংলাদেশের রাস্তায় এত বেশি এক্সিডেন্ট হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে সর্বপ্রথম উদ্যোগ নিতে হবে সরকারকে। সর্বপ্রথম ধূমপান বন্ধ করতে হবে। ধূমপান হলো মদ্যপানের প্রথম স্টেপ। আমাদের সবার এ ব্যাপারে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।’
বিশ্ব মাদকমুক্ত দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম বলেন, ‘আমাদের নিজেদের সচেতন হতে হবে। চেইন অব সাপ্লাই বন্ধ করতে হবেই। এটা রাষ্ট্রের কাজ। ব্যক্তি, পরিবার, সমাজ সবাইকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে। মাদকাসক্ত একটা রোগ- এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাহলেই একটা সুস্থ সমাজ, পরিবার, রাষ্ট্র গঠিত হবে।’
অনুষ্ঠানে মনোবিজ্ঞানী মো. জহির উদ্দিন বলেন, ‘জনসচেতনতাই পারে সমাজকে মাদকমুক্ত রাখতে। ভালোবাসার বন্ধন পরিবারকে মাদকমুক্ত রাখতে সাহায্য করে। সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে হবে। যুব সমাজকে স্নেহ ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে এ ব্যাপারে প্রচেষ্টা চালাতে হবে।’
প্রাবন্ধিক ডা. মো. রাহেনুল ইসলাম নানা তথ্য-উপাত্তের মাধ্যমে বাংলাদেশকে মাদকমুক্ত সমাজ গড়া এবং মাদকাসক্তদের সামাজিক পুনর্বাসনের জন্য বিজ্ঞানভিত্তিক মতামত ব্যক্ত করেন।

