দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে আজ ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কাল ও পরশু হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটি বলা হয়েছে।
আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কাল ও পরশু বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় সামান্য পরিবর্তন আসতে পারে।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটে ১৫৩ মিলিমিটার। এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে রয়েছে সন্দীপে ১০৯, খুলনায় ১০৪, সীতাকুণ্ডে ৮৩, নেত্রকোনায় ৬৬, কুতুবদিয়ায় ৬৩, চাঁদপুরে ৬০, ময়মনসিংহে ৫৫ ও কক্সবাজারে ৫৪ মিলিমিটার। ঢাকায় এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ছয় মিলিমিটার।

