লালপুরে শিশু হত্যার রায়ে সাহারুলের ফাঁসি
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরেরর লালপুরে ৮ বছর আগে সোনার কানের দুলের জন্য ছয় বছরের শিশু মোসাদ্দিকা খাতুন মুক্তিকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার দায়ে সাহারুল নামে প্রতিবেশী এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে আসামীদের অনুপস্থিতিতে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এই দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সুত্রে জানাযায়, ২০০৭ সালের ৬ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মকুরমের শিশু কন্যা মোসাদ্দিকা খাতুন মুক্তির গলার সোনার রিং কেড়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করে প্রতিবেশি সাহারুল। পরে মুক্তির লাশ নিজ ঘরের মেঝেতে পুঁতে রাখে সে। খোজাখুজির সময় লালপুরে বাজারে ওই সোনার রিং ১ হাজার টাকায় বিক্রি করায় প্রতিবেশী আক্কেল আলী, তার স্ত্রী পারুল বেগম ও ছেলে সাহারুলকে সন্দেহ হলে তাদের আটক করা হয়।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসত ঘরের মেঝেতে পুতে রাখা নিহত মুক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত শিশুর বাবা বাদী হয়ে শাহারুল, তার বাবা আক্কেল আলী এবং মা পারুল বেগমকে অভিযুক্ত করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর আসামীরা জামিন নিয়ে পলাতক হয়। এ মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। এদিকে মামলা চলাকালীন সময় আক্কেল আলী মারা যায়। রায়ে মামলার অপর আসামী সাহারুলের মা পারুল বেগমকে খালাস দেন আদালত।

