আফগানিস্তানের পরিস্থিতি সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। দেশটির পরিস্থিতি এ অঞ্চল এবং অঞ্চলের গণ্ডি ছাড়িয়ে এর বাইরেও ছড়িয়ে পড়বে বলে বাংলাদেশ বিশ্বাস করে।

একইসঙ্গে ঢাকা বিশ্বাস করে দেশটির জনগণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থাই আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র নিশ্চয়তা।

সোমবার (১৬ আগস্ট) আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে ঢাকার অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সাবধানে আফগানিস্তানের দ্রুত বিকশিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আমাদের বিশ্বাস এর প্রভাব এই অঞ্চলে এবং এর বাইরেও হতে পারে। বাংলাদেশ বিশ্বাস করে যে, একটি গণতান্ত্রিক এবং বহুত্ববাদী আফগানিস্তান তার জনগণের দ্বারা নির্বাচিত দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নের একমাত্র নিশ্চয়তা। এক্ষেত্রে বাংলাদেশ নিজেকে সম্ভাব্য উন্নয়ন সহযোগী এবং আফগানিস্তানের বন্ধু মনে করে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ এবং আফগানিস্তান ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে ভাগ করে নেয়। এটি সার্কের সহকর্মী সদস্য এবং দক্ষিণ এশিয়ার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আফগানিস্তানের সরকার ও জনগণের সহায়তা বাংলাদেশ স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ আফগানিস্তানের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা টেকসই উন্নয়নে এ অঞ্চলকে একসঙ্গে সমৃদ্ধ করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ দূঢ়ভাবে বিশ্বাস করে যে, আফগানিস্তানের জনগণের ওপর তাদের দেশ পুনর্নির্মাণ এবং ভবিষ্যতের গতিপথ নিজেরাই নির্ধারণ করতে হবে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আফগানিস্তানের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে বাংলাদেশ খুশি হবে।

আফগানিস্তানের সব পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার তাগিদ দিয়ে বিদেশি নাগরিকসহ সবার নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

উল্লেখ্য রোববার দিনব্যাপী উত্তেজনার মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে।

  •  
  •  
  •  
  •  

Tags: , ,