আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের শুরু থেকেই চীন আমাদের অনেক সহযোগিতা করে আসছে। মহামারির এই সময়টাতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে। করোনা মোকাবেলায় চীন বাংলাদেশকে সহযোগিতা করায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
গত সপ্তাহে চীন-বাংলাদেশ যৌথ টিকা উৎপাদন চুক্তির সন্ধিক্ষণে ড. মোমেন চীনা বার্তা সংস্থাটিকে বলেন, প্রাদুর্ভাবের প্রথম দিনগুলোতে চীন যখন কঠিন অবস্থায় পড়েছিল, তখন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল বাংলাদেশ। পরে বাংলাদেশ যখন সমস্যায় পড়ে, তখন চীন সরকার, এমনকি (চীনের) বেসরকারি প্রতিষ্ঠানগুলোও অনেক সহযোগিতা করেছে। তার কথায়, আমরা অত্যন্ত ভাগ্যবান যে, চীনের মতো ভালো বন্ধু পেয়েছি।
এদিন করোনাভাইরাসের উৎস অনুসন্ধান প্রসঙ্গেও কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, করোনাভাইরাসের উৎস অনুসন্ধান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়ে বস্তুনিষ্ঠ হওয়া উচিত।
মোমেন বলেন, কোভিড-১৯’র উৎস ও কারণগুলো খুঁজে বের করার ক্ষেত্রে আমি মনে করি, এটি বিজ্ঞানীদের ওপর ছেড়ে দেওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে তদন্ত হলে তা বিপর্যয় ডেকে আনে।
উল্লেখ্য গত ১৬ আগস্ট দেশে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের সিনোফার্মের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

