ভিডিও লাইক শেয়ারে টাকা ইনকাম হয় কিনা জানতে চাইলো আদালত

নিউজ ডেস্কঃ বিভিন্ন অনলাইনে থাকা অবমাননাকর ভিডিও অপসারণে বিটিআরসির প্রতি নির্দেশনা চেয়ে করা জাপানি নাগরিক নাগানো এরিকোর আবেদন শুনানিতে বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ ভিডিও, লাইক-শেয়ারে আয়-ইনকাম হয় কি-না জানতে চেয়ে প্রশ্ন রেখেছেন।

আদালতে আজ জাপানি মায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে ছিলেন অ্যাডভোকেট ফওজিয়া করিম ফিরোজ।

শুনানিতে শিশির মনির আদালতকে বলেন, ‘এরিকো দুই মেয়ের সঙ্গে রাতে থাকতে চান। এছাড়া কেনাকাটা ও বিনোদনমূলক কাজে অংশ নেওয়ার জন্য শিশুদের সঙ্গে নিয়ে ইউনিমার্ট যেতে চান।’

জাপানি মাকে নিয়ে আপলোড হওয়া ভিডিও কনটেন্টের বিষয়ে আইনজীবী বলেন, ‘আরও একটি বিষয় বলতে চাই, তবে লজ্জা লাগছে।’ এসময় তিনি আবেদনের পৃষ্ঠা উল্লেখ করে ভিডিও লিংক দেওয়া আছে বলে জানান।

শিশির মনির বলেন, ‘সেখানে কমপক্ষে ১৭টি লিংক রয়েছে। যেখানে জাপানি নারীকে নিয়ে বিভিন্ন চটকদার ভিডিও ও নারী উপস্থাপকরা উপস্থাপনা করেছেন। কোনোটিতে দুই মিলিয়ন, চার মিলিয়ন, ছয় মিলিয়ন এমনকি সাত মিলিয়ন ভিউয়ার (দর্শক)। যেখানে প্রায় ৭০ লাখ মানুষ দেখেছেন এই ভিডিওগুলো। এগুলো অপসারণের নির্দেশনা চাই।’

এসময় আদালত বলেন, ‘ভিডিও লাইক-শেয়ারে নাকি আয়-ইনকাম হয়?’ তখন শিশির মনির বলেন, ‘হ্যাঁ, এসব ভিডিও লাইক-শেয়ারে আয়-ইনকাম হয়।’

  •  
  •  
  •  
  •  

Tags: