একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
নিউজ ডেস্ক :
আজ মঙ্গলবার (০২ নভেম্বর), সকাল ১০টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যমজ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।পাঁচ শিশুর মধ্যে রয়েছে চার মেয়ে ও এক ছেলেসন্তান।
সাদিয়ার বোন রাবেয়া বলেন, “আমরা সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে আসি। আমরা খুবই খুশি। নরমালে বাচ্চা হয়েছে। শিশুর মাও সুস্থ আছেন।”
সাদিয়ার স্বামী সোহেল রানা বলেন, “২০১৬ সালে আমি কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে সাদিয়া খাতুনকে বিয়ে করি। এরাই আমাদের পথম সন্তান।খুবই ভালো লাগছে। অনুভূতি প্রকাশের ভাষা পাচ্ছি না।”
দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা জানান,৫-৬ মাসের মাথায় সাদিয়া সন্তান প্রসব করেছেন। সকাল ১০টার দিকে ওই গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দেন। তাকে সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। মা সুস্থ রয়েছে, কিন্তু শিশুরা ঝুঁকিতে আছে।
কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার সুমন বলেন, “বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

