“হাফ পাস” এর প্রজ্ঞাপন চাই শিক্ষার্থীরা; আল্টিমেটাম ৪৮ ঘণ্টা
নিউজ ডেস্ক:
আজ মঙ্গলবারও বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) দেওয়ার দাবিতে রাজধানীর বকশিবাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা গণপরিবহনে হাফ পাসের জন্য প্রজ্ঞাপনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে।
সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ইসমাইল বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের জন্য প্রজ্ঞাপন দিতে হবে। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের নিয়ে কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হবে।”
দীপু নামে এক শিক্ষার্থী বলেন, “ছাত্র এবং শ্রমিকরা প্রতিদিন ঝগড়া করছে। হাফ ভাড়া নিয়ে এসব ঝগড়া চাই না। এরকম ঝগড়া করে চলতে চাই না। সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে দাবি বাস্তবায়ন করুন।”
উল্লেখ্য যে, এর আগে সোমবার মোহাম্মদপুর সরকারি কলেজের দুই শিক্ষার্থীকে বাসে উঠতে না দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে সকাল ১০টায় মোহাম্মদপুরের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

