নিজের কাছে থাকা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে এক বিজিবি সদস্য
নিউজ ডেস্ক:
নওগাঁর সাপাহার সীমান্তে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে সুন্দরইল বিওপি ক্যাম্পে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বিজিবির দাবি নিজের কাছে থাকা বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন তিনি।
নিহত তানভীর (২৬) নড়াইল জেলার শেখ আরজুনুর ছেলে। তিনি নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল সীমান্ত বিওপিতে কর্মরত ছিলেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে সিপাহী তানভীর সকলের অজান্তে ক্যাম্পের অভ্যন্তরে নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকের বাম পাশে গুলি করে। পরে বিষয়টি জানার পর বিজিবি সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করে। কিন্তু রাস্তায় কিছু দূর যাওয়ার পর তানভীরের অবস্থা বেগতিক দেখে বিজিবি সদস্যরা পুনরায় তাকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিক কোনো বিষয়ের ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান জানান, তানভীর তার নিজের কাছে থাকা রাইফেল দিয়ে গুলি চালায়। পরে গুরুতর অবস্থায় বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে সহকর্মীরা স্থানীয় সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু হানিফ তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

