সামাজিক যোগাযোগমধ্যমে টিপ পড়া ছবি শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় এক শিক্ষিকাকে ‘টিপ পরা’ নিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টিপ পরা ছবি শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক ওয়ালে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন শিক্ষামন্ত্রী। ক্যাপশনে লেখেন, ‘আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী’।

এদিকে শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে। তারা বলে, স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে এ ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। আমরা মনে করি, এ ধরনের ঘটনা বাংলার আবহমান কালের জাতি ধর্ম, বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের সাংস্কৃতিক অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।

এর আগে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষিকা শনিবার অভিযোগ করেন, তেজগাঁও এলাকায় পুলিশের ইউনিফর্ম পরা এক ব্যক্তি তাকে উত্ত্যক্ত করেন।

অভিযোগে বলা হয়, ওই প্রভাষক সকাল ৮টা ২০ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে ফার্মগেট মোড় পার হয়ে তেজগাঁও কলেজের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। সেজান পয়েন্টের সামনে বন্ধ করে রাখা মোটরবাইকের ওপর বসে এক ব্যক্তি বলেন, ‘ওই টিপ পরছোস কেন’। শিক্ষিকা পেছন ফেরে প্রতিবাদ করলে পুলিশের ইউনিফর্ম পরা ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

  •  
  •  
  •  
  •