লঞ্চের টিকিট কাটতে লাগবে জাতীয় পরিচয়পত্র
নিউজ ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না । টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
সভা শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, মুলত যাত্রীদের নিরাপত্তার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদের পাঁচ দিন আগে থেকে আমরা এটা শুরু করবো, কিন্তু ঈদের পরে স্থায়ীভাবে এটা কার্যকর থাকবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই সমন্বয় করে যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। আমরা শতভাগ চেষ্টা করবো। আমরা যেমন যাত্রী পরিবহনের প্রস্তুতি নিচ্ছি, তেমন যাত্রীদের কাছেও আমাদের আবেদন তারাও যেন নির্দেশনাগুলো অনুসরণ করে।

