ঢাকায় একদিনে সাড়ে ৪ হাজার ভারতীয় ভিসা প্রদান
নিউজ ডেস্ক:
ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণে যাচ্ছেন প্রচুর বাংলাদেশি। তাদের বড় একটি অংশ যাচ্ছেন ভারতে। ভারতে যেতে লাখো ভিসার আবেদন জমা পড়েছে। এ চাপ সামলাতে ছুটির দিনেও ভিসা সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশে ভারতের হাইকমিশন।
রোববার (১ মে) ঢাকায় দেশটির হাইকমিশন সূত্রে জানা গেছে, ঈদের আগে ভারতীয় ভিসাপ্রত্যাশীদের সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) ছুটির দিনেও হাইকমিশনের ভিসা সেন্টার কার্যক্রম চালু রেখেছে।
এ দিন ভিসা ডেলিভারির সুবিধার্থে সারা বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো (আইভিএসি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু ছিল।
তবে ঈদের জন্য আগামী ২-৩ মে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে।
আজ আইভিএসি খোলা রয়েছে। এদিন ভিসা আবেদন গ্রহণ ও পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ঈদ সামনে রেখে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদন জমা ও পাসপোর্ট ডেলিভারি দেয়ার সময়সীমা বাড়িয়েছে।

