৪৪ তম বিসিএস শুরু, প্রতি পদের বিপরীতে পরীক্ষার্থী ২০৫
নিউজ ডেস্ক: ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রিলিমিনারিতে ২০০ নম্বরের এই পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হয়েছে।
এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি পদের বিপরীতে মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এবার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। সেই হিসাবে এবার প্রতি পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ২০৫।
কেন্দ্রগুলোতে প্রবেশের সময় নানা রকম নির্দেশনা দেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতরা। প্রবেশপত্র, কলম ও পানি ছাড়া কোন কিছুই সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকছে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে।। আজ নেওয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আবেদনকারীদের মধ্য থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই বসবেন পরবর্তী লিখিত পর্বে।

