জাতীয় পতাকা অর্ধনমিত করার নতুন নিয়ম
নিউজ ডেস্ক:
জাতীয় পতাকা অর্ধনমিত করার নতুন নিয়ম করেছে সরকার। ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২’-তে সংশোধন আনা হয়েছে। এ সংশোধনের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নিয়ম করা হয়।
পতাকা বিধিমালায় সংশোধন এনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৯ আগস্ট) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নিয়মে পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা দণ্ডের ওপর থেকে চার ভাগের একভাগ দৈর্ঘ্যের সমান নিচে উড়াতে হবে। বিধিমালায় আগে এটি নির্ধারণ করে দেয়া ছিল না।
সংশোধিত বিধিমালায় বলা হয়, পতাকা অর্ধনমিত রাখার ক্ষেত্রে পতাকা প্রথমে পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর পতাকা দণ্ডের এক-চতুর্থাংশের দৈর্ঘ্যের সমান নিচে নামিয়ে পতাকাটি স্থাপন করতে হবে। পতাকা নামানোর সময় ফের পতাকা দণ্ডের সর্বোচ্চ চূড়া পর্যন্ত তুলে এরপর নামাতে হবে।
সাধারণত ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসসহ জাতীয়ভাবে শোক পালনের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

