আসুন শব্দ সচেতন হই

জাহিদ হাসান:
সাতাশ এপ্রিল ছিল আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। নাগরিক জীবনের একটি অবহেলিত অথচ গুরুতর সমস্যার নাম শব্দ দূষণ। আর শব্দ দূষণের একটি প্রধান উৎস হল অযাচিত উচ্চ শব্দের গড়ির হর্ণ। যানবাহনের হর্ণের কারণে নগরে শব্দ দূষণের মাত্রা দিনকে দিন বেড়ে চলেছে। বিশেষ করে আমাদের দেশে প্রাইভেট কারের সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে যানবাহনজনিত শব্দ দূষণ মারাত্মক হারে বৃদ্ধি পাচ্ছে।

মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর শব্দ দূষণের অত্যন্ত বিরূপ প্রভাব রয়েছে। উচ্চশব্দের কারণে মানুষের মাথাব্যাথা, ঘুমের ব্যাঘাত, মেজাজ খিটখিটে হওয়া, কাজে মনসংযোগের ব্যাঘাত ইত্যাদি সমস্যা দেখা দেয়। তাছাড়া শব্দ দূষণের কারণে মানুষের শ্রবণক্ষমতা কমে যায়। হঠাৎ উচ্চশব্দের কারণে হৃদরোগীদের তাৎক্ষনিক মৃত্যু পর্যন্ত হতে পারে। শব্দ দূষণ ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটায়। শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তাই যানবাহনের উচ্চ হর্ণ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন।

এছাড়া পরিবেশ আইনের বিদ্যমান ক্ষমতা ট্রাফিক পুলিশকে প্রদান করা হলে অযাচিত উচ্চ শব্দের হর্ণ বাজানোর জন্য পুলিশ সরাসরি গাড়ীগুলোকে জরিমানা করতে পারে। পাশাপশি সাধারণ মানুষ যাতে সরাসরি শব্দ দূষণের ব্যাপারে অভিযোগ করতে পারে, সেই বিষয়টাও নিশ্চিত করা প্রয়োজন।

যানবাহনের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে উচ্চ শব্দের হর্ণ অপসারণ বাধ্যতামূলক করার জন্য বিআরটিএকে উদ্যোগ নিতে হবে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে প্রধান সড়কগুলোতে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, উচ্চ শব্দের হর্ণযুক্ত যানবাহনকে জরিমানা ও শাস্তির আওতায় আনতে হবে, গাড়ী চালকদের প্রশিক্ষণ কারিকুলামে শব্দ দূষণের ক্ষতিকর দিক ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা সম্পৃক্ত করতে হবে, সকল প্রকার যানবাহনের লাইসেন্স প্রদান ও নবায়নের সময় হর্ণের শব্দ পরীক্ষা বাধ্যতামূলক করে উচ্চ শব্দের হর্ণযুক্ত যানবাহনের লাইসেন্স বাতিল করতে হবে এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে নিয়মিতভাবে যানবাহনের হর্ণের শব্দ পরীক্ষা করতে হবে।

গাড়ীর উচ্চ হর্ণজনিত শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ এবং ট্রাফিক বিভাগের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অতি জরুরি।
_________________________
জাহিদ হাসান
ক্যান্টনমেন্ট, ঢাকা।

  •  
  •  
  •  
  •