জুন থেকে আগষ্ট- গ্রীনল্যান্ডে ভ্রমণের এখনই সময়!

স্টাফ রিপোর্টার:
গ্রীনল্যান্ড। নাম সবুজ হলেও গ্রীনল্যান্ড বছরের বেশীরভাগ সময় থাকে বরফাবৃত। শীতের সাদা বরফ ডাকা গ্রীনল্যন্ড দেখে আপনার মনে হতে পারে, এখানে বুঝি মানুষ থাকে না! থাকে শুধু পোলার বিয়ার। না, মানুষও থাকে এই বরফের দেশে। আর গ্রীষ্মে বরফ কেটে গেলে বেরিয়ে আসে দেশটির আসল রূপ। আর গ্রীনল্যান্ডে এই গ্রীষ্ম জুন থেকে আগষ্ট। তাই ভ্রমণের এখনই সময়। আসুন দেখে নিই, গ্রীনল্যান্ড ভ্রমণে কোন জায়গাগুলো মিস করা যাবে একেবারেই।

ডিসকো বে
গ্রীনল্যান্ডে ডিসকো বে খুবই জনপ্রিয় ভ্রমণ স্থান। শুধু ডিসকো বে দেখতেই প্রচুর মানুষ প্রতিবছর গ্রিনল্যান্ড ভ্রমণে আসেন। এর অবস্থান দেশটির পশ্চিম উপকূলে। বিশাল বিশাল আইস বার্গ আর তার মাঝে খেলা করা সূর্য্যের সকাল বিকালের নানান রং বিস্ময়ে অভিভূত করবে আপনাকে। এক দিনেও যেমন ডিসকো বে বেড়িয়ে আসা যায়, তেমনি এক সপ্তাহ থেকে গেলেও প্রতিদিনকার নিত্য নতুন রূপে দেখার স্বাদ মেটে না, বরং বাড়ে। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইলিউসাত আইস্ফোর্ড আছে এখানেই। জুন থেকে আগস্ট হল যাওয়ার জন্য সবচেয়ে ভাল সময়।

আইস ক্যাপ
এন্টার্কটিকার পর গ্রীনল্যান্ড আইস ক্যাপ বিশ্বের সবচেয়ে বড় আইস সিট। ২,০০০,০০০ কিউবিক কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি। এই বরফাঞ্চলের জন্ম ১ লক্ষ ১০ হাজার বছর আগে। এই চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য্যের কাছে যেতে পারবেন নৌকায় চড়ে। এই অভিজ্ঞতা অন্য যে কোন রোমাঞ্চকর অভিজ্ঞতার থেকে ভিন্ন, অসাধারণ।

নুক
নুক অবস্থিত দক্ষিণ-পশ্চিম উপকূলে। গ্রীনল্যান্ড ভ্রমণে এলে এখানে সবাই অবশ্যই ঘুরে যান, কারণ এটি গ্রীনল্যান্ডের রাজধানী এবং দেশটির সবচেয়ে বড় শহর। তবে অন্য আর দশটি দেশের রাজধানীর মত কিন্তু নয় নুক। নুকের জনসংখ্যা মাত্র ১৫ হাজার। একজন গাইডের সাহায্য নিন,ঘুরে বেড়ান শহরের যাদুঘরগুলোয়। বিভিন্ন ঐতিহাসিক স্থানে যেতে পারেন যেখানে পরিচিত হতে পারবেন প্রাচীন গ্রীনল্যান্ডের সাথে। আপনি জেনে অবাক হবেন গ্রীনল্যান্ডের শহরগুলোকে যুক্ত করতে এখানে কোন সড়ক বা রেল ব্যবস্থা নেই। তিমি মাছের মজার মজার কার্যকলাপ দেখা এখানে একটি মজার অভিজ্ঞতা। নৌকায় চড়ে যেতে পারেন তিমি দেখতে।

রকি পর্বত
গ্রীনল্যান্ডের রকি পর্বত আপনাকে মুগ্ধ করতে অপেক্ষমান। সমুদ্রের খাঁড়ি ইংরেজি U বর্ণের মত উপত্যকার সৃষ্টি করেছে এমন দৃশ্য দেখতে পাবেন গ্রীনল্যান্ডে ডজন ডজন। তবে রকি পর্বত থেকে এই দৃশ্য একবার দেখলে ভোলা যাবে না কখনো। শ্বাসরুদ্ধকর চমৎকার সৌন্দর্য্য একে করে তুলেছে গ্রীনল্যান্ডের সেরা ভ্রমণ স্থান।

নর্দার্ণ লাইট
গ্রীনল্যান্ডে এসেছেন আর নর্দার্ণ লাইট দেখবেন না, তাই কি হয়? রাতের আকাশে আলোর খেলা আপনাকে পরিচয় করিয়ে দেবে বিস্ময়কর পৃথিবীর মনোমুগ্ধকর রহস্যের সাথে। তবে নর্দার্ণ লাইট দেখার সবচেয়ে ভাল সময় হল সেপ্টেম্বর থেকে এপ্রিল। গ্রীষ্মে এর দেখা মিলবে না, মধ্যরাতের সূর্য্যের কারণে!

  •  
  •  
  •  
  •  

Tags: