বাজারে আসছে আইফোন ৭
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক:
আর মাত্র একটা দিন পার হলেই চমক থাকছে প্রযুক্তিপ্রেমীদের জন্য। কারণ ৭ সেপ্টেম্বরেই পর্দা উঠছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির পণ্য উন্মোচন অনুষ্ঠান অ্যাপল ইভেন্টের। ধারণা করা হচ্ছে প্রযুক্তিপ্রেমীরা এই অনুষ্ঠানে দেখতে পাবেন তাদের কাঙ্ক্ষিত চকচকে কালো রঙের নতুন আইফোন। সর্বশেষ আইফোনগুলোতে তেমন কোনো পরিবর্তন করেনি অ্যাপল। তাই এবারে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডার বলছে, আইফোন ৭-এ রঙের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন থাকতে পারে।
একটি বিশেষ সূত্রের দাবি, এবার পাঁচটি রঙে উন্মোচন করা হবে আইফোন ৭। এর মধ্যে থাকছে সিলভার, গোল্ড, রোজ গোল্ড এবং দুটি কালো রঙ। যার মধ্যে একটি অনুজ্জ্বল কালো এবং অন্যটি চকচকে কালো হতে পারে। তবে এর আগে অনুজ্জ্বল কালো আইফোন ৫-এ দেখা গিয়েছিল। তাই এবার ভিন্নতা আনতে কালো রঙের আইফোন ৭ স্পেস গ্রে থেকে আরও কিছুটা গাঢ় হবে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে প্রযুক্তিপ্রেমীদের কাছে নতুন হিসেবে চাহিদা থাকবে চকচকে কালো রঙটি। এই উজ্জ্বল কালো রঙে কী উপাদান ব্যবহার করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অথবা গ্গ্নাসের সংমিশ্রণে নতুন আইফোন ৭ তৈরি করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ৭ সেপ্টেম্বর নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচের নতুন সংস্করণ উন্মোচন করতে পারে অ্যাপল। তবে নতুন অ্যাপল ওয়াচে বড় কোনো পরিবর্তন আনা হবে না। কারণ তাদের মূল আকর্ষণ এবার আইফোন ৭।

