চাঁদের পাশে এক সারিতে আসছে পাঁচটি গ্রহ, দেখা যাবে খালি চোখে
বিজ্ঞান ডেস্কঃ
মহাকাশের পাঁচটি গ্রহ চাঁদের পাশে এক সারিতে আসতে চলেছে। এর ফলে একই সরলরেখায় খালি চোখে দেখা যাবে পাঁচটি গ্রহ। আকর্ষণীয় মহাজাগতিক দৃশ্য খালি চোখে দেখার সুযোগ পাচ্ছি আমরা।
চলতি মাসেই অর্থাৎ এই জুন মাসেই দেখা যাবে এ বিরল দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, খালি চোখেই এই দৃশ্য দেখতে পাবেন আগ্রহীরা। জানা গেছে এ পাঁচটি গ্রহই সূর্যের থেকে যেভাবে স্বাভাবিক নিয়মে বিন্যস্ত থাকে সেভাবেই থাকবে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি-এ পাঁচটি গ্রহ একই সরলরেখায় আসবে। এই পাঁচটি গ্রহের এক সরলরেখায় অবস্থান খালি চোখেই দেখা যাবে পূর্ব দিগন্তের কাছে। সূর্যোদয়ের ঠিক আগেই এই দৃশ্য দেখা যাবে। কারণ তারপর ক্রমশ এই বিরল দৃশ্য অস্পষ্ট, ফিকে হতে শুরু করবে। যারা উত্তর গোলার্ধের বাসিন্দা তারা পূর্ব এবং দক্ষিণ দিকে এই গ্রহগুলোর বিন্যাস দেখতে পাবেন। আর যারা দক্ষিণ গোলার্ধে বসবাস করেন, তারা পূর্ব এবং উত্তর দিকে এই পাঁচটি গ্রহের একই সরলেখায় অবস্থান দেখতে পাবেন।
তবে এভাবে একইসঙ্গে পাঁচটি গ্রহ একই সরলরেখায় বিন্যস্ত দেখার ঘটনা বেশ বিরল। এর আগে ২০০৪ সালের ডিসেম্বর মাসে খালি চোখে এমন দৃশ্য অর্থাৎ একই সরলরেখায় পাঁচটি গ্রহের অবস্থান দেখা গিয়েছিল। এবারের ঘটনায় বুধ এবং শনি গ্রহ একে অন্যের খুবই কাছাকাছি আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
স্কাই অ্যান্ড টেলিস্কোপ জানিয়েছে, জুন মাস ধরেই এই বিরল দৃশ্য দেখা যাবে। তবে এর মধ্যে কয়েকটি দিন বিশেষ গুরুত্বপূর্ণ। ২৪ জুন সকালে পাঁচটি গ্রহের একই সরলরেখায় অবস্থান আরও স্পষ্টভাবে বোঝা যাবে। প্রায় এক ঘণ্টা ধরে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন আগ্রহীরা।
সুত্রঃ অনলাইন

