নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন আশরাফুল
ক্রিড়া প্রতিবেদক:
শনিবার ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আপাতত তার ফেরাটা ঘরোয়া ক্রিকেটেই সীমাবদ্ধ থাকছে। আন্তর্জাতিক ক্রিকেটসহ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে ফিরতে আশরাফুলকে অপেক্ষা করতে হবে আরও দুই বছর।
২০১৩ সালে বিপিএল-এর দ্বিতীয় আসরে ফিক্সিংয়ে জড়িত থাকায় আশরাফুলকে ৩ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল। পরে আশরাফুল আপিল করলে সেই নিষেধাজ্ঞা কমে আসে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরে।
সেই হিসেবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ১৩ আগস্ট শনিবার।
এরফলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কথা আশরাফুলের! কিন্তু এই টুর্নামেন্টে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ, বিসিএল ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট হলেও এই টুর্নামেন্টে মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হাতে। তাই বিসিএলও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেই বিবেচিত হয়।
এই কারণে বিসিএল-এ আশরাফুলের খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিসিবিও এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানালেন, ‘আমরা আশরাফুলের ব্যাপারে আইসিসির কাছে একটা ইমেইল পাঠিয়েছি। আমাদের এখনও বেশ কিছু ব্যাপারে পরিষ্কার হওয়া প্রয়োজন। তারপরই আসলে এ ব্যাপারে কিছু জানানো সম্ভব হবে।’
প্রসঙ্গত, আপাতত লন্ডনে অবস্থান করলেও শনিবার সকাল আটটার ফ্লাইটে ঢাকায় আসছেন আশরাফুল।
উল্লেখ্য, বিপিএল-এর দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলা আশরাফুলের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয়।

